চাঁদপুর প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা পেলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

বাংলা রিডার ডেস্ক:

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বিদায়ী প্রশাসককে সম্মাননা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “বিদায়ের মুহূর্তে চাঁদপুর প্রেসক্লাবের এমন আন্তরিক আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাই। গত ১৪ মাসে চাঁদপুরবাসীর ভালোবাসা ও সহযোগিতা পেয়ে আমি সত্যিই অভিভূত। কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে, যা স্বাভাবিকভাবেই গ্রহণ করছি।”

তিনি আরও বলেন, “আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করেছেন, কেউ সমালোচনাও করেছেন—আমি দুটোই ইতিবাচকভাবে নিয়েছি। একজন জেলা প্রশাসকের কাজ বিস্তৃত—সমাজের শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে শিক্ষা, উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা—সবক্ষেত্রেই দায়িত্ব থাকে ভারসাম্য রক্ষা করা।”

মোহসীন উদ্দিন সাবেক জেলা প্রশাসকদের প্রশংসা করে বলেন, “তাঁরা যেভাবে জনগণের জন্য কাজ করেছেন, তা অনুসরণীয়। আমিও আমার মেয়াদে সমাজে শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখার চেষ্টা করেছি। দেশের কঠিন সময়ে আপনাদের সহযোগিতায় যতটা সম্ভব দায়িত্ব পালন করেছি।”

চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, “জেলা মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণের কাজ করেছি। প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছি। এছাড়া প্রতিটি উপজেলায় স্টেডিয়াম মাঠ নির্মাণের প্রস্তাবও দিয়েছি।”

তিনি আরও বলেন, “প্রশাসনিক কাজের স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা সচেষ্ট থেকেছি। কেউ অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নিয়েছি। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি।”

বিদায়ী বক্তব্যে তিনি বলেন, “আমি স্বপ্ন দেখি এবং কাজ করার সাহস রাখি। চাঁদপুরের সিভিল সোসাইটি, প্রেসার গ্রুপ ও সাংবাদিকদের জন্য কিছু দিকনির্দেশনা রেখে যাচ্ছি, যা ভবিষ্যতে জেলার উন্নয়নে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন—সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, জি এম শাহীন, মির্জা জাকির, আল ইমরান শোভন, লক্ষণ চন্দ্র সূত্রধর, আব্দুল আউয়াল রুবেল, অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, ফারুক আহমদ, ইব্রাহিম রনি, কে এম সালাউদ্দিন, জাকির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এমন এক সময়ে দায়িত্ব পালন করেছেন, যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি চাঁদপুরকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি ছিলেন চাঁদপুরের সাংবাদিকদের প্রকৃত বন্ধু ও জনগণের প্রশাসক।”

বিজ্ঞাপন

Recommended For You