
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদকারীরা রাস্তায় কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারীসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, “গত তিন দশক ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের জন্য কাজ করে আসছেন। বিএনপির কঠিন সময়ে তিনি সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন। তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমরা তা মেনে নেব না।” তারা আরও হুঁশিয়ারি দেন, “দল সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”
মশাল মিছিলে অংশ নেন পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদল সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



