
বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুর জেলায় বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। কেবল চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত এক প্রার্থীর সমর্থকদের অবরোধ ও বিক্ষোভ ছাড়া পুরো জেলাজুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পর নেতাকর্মীরা আবারও মাঠে নেমে উচ্ছ্বসিত।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি নিজের উপজেলার উজানি মাদ্রাসায় মরহুম ক্বারি ইব্রাহীম (র.)-এর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এ সময় শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান।
মিলন বলেন, “কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই, যেন আমরা সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে পারি।”
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন। মতলবে পৌঁছালে তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এবং কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দলীয় প্রার্থী হয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বুধবার (৫ নভেম্বর) দুপুরে তিনি বাবার কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। মনোনয়ন ঘোষণার আগ থেকেই তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদারের নির্দেশনা দিচ্ছিলেন। বর্তমানে সদর ও হাইমচরে তিনি এবং তার কর্মীরা সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, “আল্লাহর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মনোনয়ন মানিকের নয়, এটি চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শ আমাদের লালন করতে হবে, জয়-পরাজয় এখন আপনাদের হাতে।”
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তিনি নিজের এলাকায় বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ চালাচ্ছেন। তার আগমনে স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন, তবে তার মনোনয়নের ঘোষণায় অনুসারীরা আনন্দ প্রকাশ করেছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই জেলার পাঁচ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এসব দলের প্রার্থীরা গত কয়েক মাস ধরেই মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
চাঁদপুর-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং গণফোরামের অ্যাডভোকেট সেলিম আকবরও সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।
সব মিলিয়ে বিএনপির মনোনয়ন ঘোষণার পর পুরো চাঁদপুর জেলায় নির্বাচনী উচ্ছ্বাস নতুন করে জেগে উঠেছে।



