
বাংলা রিডার ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে ছোটপর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে, যেখানে তিনি নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের ভাবনা ও অভিজ্ঞতা ভাগ করে নেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিশা তার বর্তমান ব্যস্ততা, অভিনয় ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, নিজেকে শুধু নাটক বা ওটিটি প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না।
তানজিন তিশা বলেন, “আমি কখনো বলিনি যে নাটক করব না বা ওটিটি সিরিজ করব না। আমি একজন অভিনেত্রী, আর আমার কাছে গল্পটাই মুখ্য। গল্প ভালো লাগলে আর অভিনয়ের জায়গা থাকলে সেটা নাটক, সিনেমা কিংবা মঞ্চনাটক—যেটাই হোক, আমি করব। এমনকি মঞ্চনাটকও যদি ভালো হয়, সেটিতেও আমি অভিনয় করতে চাই।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়েছে, বড় ও ভালো কোনো প্রজেক্টে কাজ করার জন্য কিছুটা বিরতি প্রয়োজন। তাই আমি নিজেকে সময় দিয়েছি। অনেকে ভেবেছেন, আমি কাজ করছি না—আসলে আমি প্রস্তুতি নিচ্ছিলাম। এখন একটা বড় কাজের জন্য প্রস্তুত হচ্ছি, যেটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”
তিশা জানান, তিনি এখন এমন এক প্রকল্পে যুক্ত হচ্ছেন যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।“ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই ভালো কাজের মাধ্যমেই বাঁচতে চাই। বাকিটা সবাই জানবেন, যখন কাজটি সফলভাবে শেষ হবে,”—যোগ করেন তিনি।



