বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বাংলা রিডার ডেস্ক:
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিষয়টি নিজেই নিশ্চিত করে রেজা কিবরিয়া জানান, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগ দেব। অবশ্যই আমি আমার এলাকায় ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবেও হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি।”

জানা গেছে, বিএনপি এখনো ওই আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি। দলটি আসনটি আপাতত ফাঁকা রেখেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, তারা রেজা কিবরিয়ার যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন এবং দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

পরবর্তীতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন রেজা কিবরিয়া। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে দাঁড়ান। পরে দলটি বিভক্ত হলে তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে নতুন উদ্যোগ নেন। সাম্প্রতিক সময় পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন না।

বিজ্ঞাপন

Recommended For You