
বাংলা রিডার ডেস্ক
জুলাই মাসের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর সংঘটিত বেআইনি ও সহিংস হামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৪০৩ নেতাকর্মীর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তালিকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বহু নেতার নাম রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটি প্রথম পর্যায়ে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে। পরে ১৭ মার্চ সিন্ডিকেট সভায় আলোচনার পর ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
পরে ঘটনার গভীরতর তদন্তে সিন্ডিকেট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের কমিটি দ্বিতীয় পর্যায়ে ১২৮ জনসহ মোট ৪০৩ জনের সম্পৃক্ততা নিশ্চিত করে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শিয়ে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।



