ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া

বাংলা রিডার ডেস্ক
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীতার তালিকা ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হচ্ছি। এই নির্বাচনকে সামনে রেখে আজ ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করছি। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দেবে, সেগুলো বিএনপি সমন্বয় করবে।”

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

Recommended For You