
বাংলা রিডার ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশন কিছু রাজনৈতিক দলের প্রস্তাব জোরপূর্বক অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশনের বর্তমান কার্যক্রমে জাতির মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, ঐক্য নয়। সরকার ও কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি গভীরভাবে হতাশ।
বুধবার সকালে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এসব মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছিল, সেখানে যে সব বিষয় ছিল, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত কমিশনের সুপারিশে প্রতিফলিত হয়নি। এখন বলা হচ্ছে ৪৮টি দফার ওপর গণভোট হবে— অথচ এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয়েছিল, কেবল ঐকমত্যের বিষয়গুলোই বাস্তবায়িত হবে। কিন্তু এখন কমিশনের প্রস্তাবনায় দেখা যাচ্ছে, জুলাই সনদের মূল ভাবনার বদলে কিছু দল ও কমিশনের নিজস্ব প্রস্তাবই প্রাধান্য পাচ্ছে।”
বিএনপি নেতা মনে করেন, এভাবে কমিশনের সিদ্ধান্ত চাপিয়ে দিলে জাতীয় ঐক্যের বদলে নতুন করে বিভাজন সৃষ্টি হবে।



