
বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধারাবাহিকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভার সভাপতিত্ব করেন। প্রথমে রাজশাহী ও বরিশাল বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এরপর খুলনা ও সিলেট বিভাগের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে রাতে ঢাকা বিভাগের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি।
সভায় উপস্থিত মনোনয়নপ্রত্যাশীরা জানান, তারা দলের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তাদের লক্ষ্য—গণমানুষের পাশে থেকে বিএনপিকে আবারও জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করা।
মতবিনিময় সভাকে ঘিরে বিকেল থেকে রাত পর্যন্ত গুলশান কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে নেতৃবৃন্দের প্রতি সমর্থন ও ঐক্যের বার্তা জানান।



