
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪ জেলায় ৩০০টি আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ থাকবে—মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।”
আখতার আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে ৩ হাজার ভোটার ভোট দেবেন। প্রয়োজনে পরবর্তীতে এই সংখ্যা সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
ইসির খসড়া তালিকা অনুযায়ী, আগে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ৪২ হাজার ১৪৮টি। অর্থাৎ এবার ভোটকেন্দ্র কিছুটা বেড়েছে।
তবে এবার মোট ভোটকক্ষ কিছুটা কমেছে—চূড়ান্ত তালিকায় ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬৯টি, যা আগের নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।



