যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে: তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দেশের পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।

সভায় তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী, তারা কখনও দলকে বিভক্ত করবেন না।”

সভা চলাকালে মনোনয়নপ্রত্যাশীরা নীরবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না।

সূত্র আরও জানায়, বিকেল ৪টায় প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথক সেশন অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা সূত্রে জানা যায়, মতবিনিময়ের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। তারা সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য কঠিন সিদ্ধান্ত, তবুও সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

Recommended For You