চাঁদপুরে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি: শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিকভাবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন। এর অংশ হিসেবে রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে চাঁদপুরসহ কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে চাঁদপুর জেলার মনোনয়ন প্রত্যাশীরাও অংশ নেন।

বৈঠক শেষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

তিনি লেখেন, “আজ ২৬ অক্টোবর বিকাল ৫টায় গুলশান কার্যালয়ে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেন এবং জানান, যথাসময়ে দলীয় মনোনয়ন ঘোষণা করা হবে।”

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, “সভায় কাউকে এখনো মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়নি। তবে দলীয় কিছু নেতা-কর্মী ও সমর্থক সামাজিক মাধ্যমে পছন্দের প্রার্থীদের পক্ষে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা দলীয় ঐক্য ও সংহতির পরিপন্থী।”

তিনি সবাইকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ থাকতে এবং এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

Recommended For You