পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা শেষ, নদীতে ফিরেছেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন উপকূলের হাজারো জেলে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকেই চাঁদপুর, শরীয়তপুর, ভোলাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে শুরু হয়েছে ইলিশ আহরণ।

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণভাবে বন্ধ ছিল। মা ইলিশ সংরক্ষণের এ সময়ে পদ্মা-মেঘনা ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “নিষেধাজ্ঞার সময় কঠোরভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের আশা করছি।”

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, নিষেধাজ্ঞা চলাকালে সারা দেশে দুই শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে অর্ধশতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়। তবে অনেক এলাকায় জেলেরা অভিযোগ করেছেন, সরকারের বরাদ্দ করা সহায়তার চাল সবাই পাননি।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই জেলেরা নদীতে ফিরেছেন জাল, নৌকা ও ট্রলার নিয়ে। কেউ কেউ মধ্যরাত থেকেই মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন।

মৎস্য কর্মকর্তাদের প্রত্যাশা, এবার প্রজননকালীন সময়ে মা ইলিশ রক্ষার সুফল হিসেবে নদী ও সমুদ্রে ইলিশের প্রাচুর্য দেখা যাবে, যা গত বছরের তুলনায় উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

Recommended For You