
বাংলা রিডার ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি ৪৬ নম্বর দল হতে চায় না। আগামী নির্বাচনে তারা চায় সরকার গঠন করবে বা শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, তারা জাতীয় পার্টির মতো “পোষা বিরোধী দল” হতে চায় না।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি আগামী দু-এক দিনের মধ্যে ঘোষণা করা হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটিও গঠন করা হবে। তিনি উল্লেখ করেন, থানা ও জেলা কমিটি বাংলামোটর কেন্দ্রিক নয়, বরং সংশ্লিষ্ট শাখায় সভা করে কমিটি গঠন করতে হবে।
তিনি আরও বলেন, “নভেম্বরে কমিটি গঠন করতে পারলে এনসিপি আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হবে। কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে পারলে দুই বছরের মধ্যে আমরা দেশের অন্যতম সেরা দল হয়ে উঠব।”
জেলা ও থানা কমিটির আহ্বায়কের জন্য ন্যূনতম বয়স ৪০ বছর এবং সদস্য সচিবের জন্য ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগের পদবিধারী এবং জুলাই বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। দলে নেওয়া হবে না ইমেজ খারাপ বা ক্ষমতা-পদ দখলের অপব্যবহারকারী সদস্যদের। তবে অন্য দলের ক্লিন ইমেজধারী সদস্যদের দলে নেওয়া সম্ভব, তবে তারা আগের দলের আদর্শ অনুসরণ করতে পারবে না।



