‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে’ কাজ করার আহ্বান বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি

বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে’ পরিচালনার আহ্বান জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলেছি। আগামী নির্বাচনে অংশগ্রহণ ও তার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এখনকার অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। যারা এখনো ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করছেন, বিশেষ করে সেক্রেটারিয়েট ও জেলা প্রশাসনে, তাঁদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।”

পুলিশ ও বিচার বিভাগ নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, নিয়োগ ও পদোন্নতিতে নিরপেক্ষতার নিশ্চয়তা দিতে হবে। “বিচার বিভাগে, বিশেষ করে উচ্চ আদালতে যেসব ব্যক্তি সরকারপন্থী হিসেবে পরিচিত, তাঁদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগের প্রয়োজন আছে,” বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনও দলীয় ব্যক্তি থাকলে তাকে অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা। “আমরা চাই, এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করুক, যাতে নির্বাচনের আগে আস্থার পরিবেশ তৈরি হয়,” বলেন তিনি।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বৈঠকটি হয় সন্ধ্যা ৬টায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। শেষে ৭টা ১১ মিনিটে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ফখরুল।

উপদেষ্টাদের মধ্যে কাউকে সরাসরি উল্লেখ করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “না।”

বিজ্ঞাপন

Recommended For You