চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণকাজ দুই মাস ধরে বন্ধ

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ দুই বছরেও মাত্র ২৫ শতাংশ অগ্রগতি—চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ প্রকল্পে অচলাবস্থা দেখা দিয়েছে। গত দুই মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন লঞ্চযাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

২০১৬ সালের ১০ নভেম্বর একনেক বৈঠকে অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৬৭ কোটি টাকা। বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হওয়া এই প্রকল্পের বর্তমান ব্যয় দাঁড়িয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা। ২০২৪ সালের অক্টোবর মাসে পাইলিংয়ের কাজ বিকল্প পদ্ধতিতে শুরু হলেও, জুন মাস থেকে কাজ বন্ধ রয়েছে অর্থসংকটে।

চাঁদপুর লঞ্চঘাট ব্যবহারকারী যাত্রী মুফতি মো. মাহমুদ বলেন, “বছরের পর বছর ঘাটে কাজ চলছে দেখছি। কিন্তু কাজ কবে শেষ হবে, কেউ জানে না। দ্রুত কাজ শেষ হওয়া উচিত।”

আরেক যাত্রী দুলাল চন্দ্র দাস বলেন, “এই নতুন টার্মিনালের নামে কিছুই করা হয়নি। ছাউনি নেই, বসার জায়গা নেই, এমনকি টয়লেটও নেই। বৃষ্টি হলে যাত্রীদের কষ্ট আরও বাড়ে।”

লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থ না পাওয়ায় কাজ করতে পারছে না। অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত দ্রুত হস্তক্ষেপ করা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী মোশারফ হোসেন জানান, “আমি এখানে এক মাসের বেশি সময় ধরে আছি। তখন থেকেই কাজ পুরোপুরি বন্ধ। কবে আবার শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা নেই।”

বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দরের উপ-পরিচালক বসির আলী খান বলেন, “আগের ঠিকাদারকে বাদ দেওয়া হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়োগ সম্পন্ন হলে নতুন বরাদ্দ দিয়ে দ্রুত কাজ শুরুর চেষ্টা করা হবে।”

যেখানে আধুনিক সুবিধা নিয়ে একটি পূর্ণাঙ্গ টার্মিনাল তৈরির প্রতিশ্রুতি ছিল, সেখানে এখন ন্যূনতম অবকাঠামো ছাড়াই চলছে যাত্রী পরিবহন কার্যক্রম। প্রকল্পটি দ্রুত শেষ না হলে চাঁদপুর নদীবন্দর কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

Recommended For You