এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ, কার্যকর হবে দুই ধাপে

বাংলা রিডার ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। তবে এটি একবারে নয়, দুই ধাপে কার্যকর হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ হারে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

এর আগে শিক্ষক-কর্মচারীদের দাবির মুখে সরকার ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিল। গত ১৯ অক্টোবর অর্থ বিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা ওই প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

তবে এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন এবং আমরণ অনশন কর্মসূচিও অব্যাহত রয়েছে।

অনশনে অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

Recommended For You