কার্গো ভিলেজে আগুন: পোশাক শিল্পে বড় ধাক্কা

বাংলা রিডার ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খান বাবলু।

রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এই অগ্নিকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজিএমইএ বোর্ড এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

তিনি জানান, কার্গো ভিলেজে সাধারণত উচ্চমূল্যের পণ্য ও জরুরি শিপমেন্ট সংরক্ষিত থাকে। আগুনে এসব গুরুত্বপূর্ণ পণ্য, রপ্তানির জন্য প্রস্তুত পোশাক, মূল্যবান কাঁচামাল ও স্যাম্পল পণ্য—পুরোপুরি ধ্বংস হয়েছে। “স্যাম্পল পণ্যগুলো নতুন ব্যবসা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসবের ক্ষতি ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনায় সরাসরি প্রভাব ফেলবে,” বলেন তিনি।

ক্ষতির পরিমাণ নিয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, “আমরা এখন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করছি। সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট ফরমেটে পণ্যের তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত তথ্য সংগ্রহে একটি অনলাইন ডাটা কালেকশন পোর্টালও চালু করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রতিদিন প্রায় ২০০-২৫০টি কারখানা তাদের পণ্য আকাশপথে পাঠায়। এ ঘটনার ফলে অনেক প্রতিষ্ঠানের সময়মতো ডেলিভারি ব্যাহত হবে। বিজিএমইএ খুব দ্রুত সব তথ্য-উপাত্ত নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করবে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সরকারের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, “আমাদের দাবি, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হোক এবং নতুন শিপমেন্টের প্রক্রিয়া যাতে দ্রুত শুরু করা যায় সে ব্যবস্থা নেওয়া হোক, যাতে পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যায়।”

বিজ্ঞাপন

Recommended For You