ইরান ফেরত শরণার্থীদের নিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১ আফগান

বাংলা রিডার ডেস্ক

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন শিশু। ইরান থেকে ফেরার পথে শরণার্থীবাহী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হেরাতের গুজারা শহরে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী ওই বাসে থাকা যাত্রীরা সবাই আফগান নাগরিক এবং শরণার্থী হিসেবে দীর্ঘদিন ইরানে অবস্থান করার পর সরকারি নির্দেশে দেশে ফিরছিলেন।

সাইদির ভাষ্যমতে, প্রথমে বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে ধাক্কা দিলে তাতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল আরোহী, ট্রাকচালক ও সহকারীসহ বাসের প্রায় সব যাত্রী। প্রাণে বেঁচেছেন মাত্র তিনজন।

আফগানিস্তানে এমন সড়ক দুর্ঘটনা বিরল নয়। দেশটির ভাঙাচোরা সড়ক, দুর্গম পাহাড়ি এলাকা ও চালকদের অসতর্কতা প্রায়শই মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। গত ডিসেম্বরে এমনই এক ঘটনায় জ্বালানিবাহী ট্রাক ও বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৫২ জন।

তথ্যসূত্র: এএফপি

বিজ্ঞাপন

Recommended For You