
বাংলা রিডার ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক রপ্তানি ও আমদানির পণ্য ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এই ঘটনায় কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
কার্গো ভিলেজে মূলত রপ্তানিযোগ্য তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য, ওষুধসহ বিভিন্ন বাণিজ্যিক সামগ্রী সংরক্ষণ করা হয়। আগুনে ঠিক কী পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, ক্ষতির পরিমাণ ‘বিপুল’ হতে পারে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, “আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিজস্ব ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল একসাথে কাজ করছে।”
আগুনের সূত্রপাত শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে। পরবর্তীতে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।
সতর্কতা হিসেবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প গন্তব্যে পাঠানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।


