শাহজালাল থেকে ৮টি ফ্লাইট চট্টগ্রামে ডাইভার্ট

বাংলা রিডার ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমান ওঠানামা স্থগিত রয়েছে। ফলে অন্তত আটটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। এছাড়া ব্যাংকক, শারজাহ, দিল্লি এবং হংকং থেকে ঢাকাগামী আরও কয়েকটি ফ্লাইট বিকল্প গন্তব্যে চলে গেছে বা আকাশে চক্কর দিচ্ছে।

ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের OD-163 এবং মুম্বাইগামী ইন্ডিগোর 6E-1116 ফ্লাইট দুটিও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
ইতোমধ্যে ইউএস-বাংলার ব্যাংকক থেকে আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট নামানো হয়েছে কলকাতায়। এছাড়া শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে নামানো হয়েছে এবং হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট এখনও আকাশে অপেক্ষমাণ।

এছাড়া, সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামেই ফিরে এসেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ড কেবল কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ রয়েছে, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You