জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

বাংলা রিডার ডেস্ক:
জুলাই আন্দোলনের ভিত্তিতে ঘোষিত জাতীয় সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, “এই সনদে সব রাজনৈতিক দলের সম্মতি রয়েছে। এখন এটি কার্যকর করতে হলে গণভোটই একমাত্র পথ।”

শনিবার (১৮ অক্টোবর) সকালে চাঁদপুরে রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “এই সনদের মাধ্যমে দেশে প্রকৃত বহুদলীয় গণতন্ত্র ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এটি আইনি ভিত্তি না পেলে মূল্যহীন হয়ে পড়বে।”

এটিএম মাসুম বলেন, “গণভোটের মাধ্যমেই সংবিধানের বাইরে গিয়ে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা সম্ভব। পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন চালু হলে দেশের রাজনীতিতে শিক্ষিত, মার্জিত ও যোগ্য নেতৃত্ব আসবে। একই সঙ্গে ছোট রাজনৈতিক দলগুলোর মতামতেরও মূল্যায়ন হবে।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন থেকে কেন্দ্র দখল, সহিংসতা, কালো টাকার দৌরাত্ম্য—এসব বন্ধ হবে। এটি একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটব্যবস্থা, যেখানে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

জামায়াত নেতা অভিযোগ করেন, “যারা গত ৫০ বছর ধরে ভোট ডাকাতি করে সংসদে গেছেন, তারাই এখন এই পদ্ধতির বিরোধিতা করছেন। তারা বোঝেন, কিন্তু নিজেদের স্বার্থে না বোঝার ভান করেন।”

চাঁদপুরের আল আমিন একাডেমি মাঠে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, সহকারী সেক্রেটারিরা অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশীদ, ও দারসুল কুরআন পেশ করেন মুহাদ্দিস আবু নছর আশরাফী।

সম্মেলনে এটিএম মাসুম বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়ন কোনো জটিল বিষয় নয়। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণে এটি বাস্তবায়নযোগ্য। সাধারণ ভোটারদের জন্য এ পদ্ধতিতে বাড়তি কোনো জটিলতা থাকবে না, বরং তাদের ভোটের প্রকৃত মূল্য নিশ্চিত হবে।”

তিনি দাবি করেন, এই পদ্ধতির মাধ্যমেই বাংলাদেশে সুশাসনভিত্তিক ও গণতান্ত্রিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

বিজ্ঞাপন

Recommended For You