
বাংলা রিডার ডেস্ক:
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি—এ কথা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের বিষয়গুলো উচ্চ পর্যায়ের কমিশনের মাধ্যমে বিবেচনা করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে চাকরি জাতীয়করণের প্রসঙ্গ উঠে এসেছে। কেউ কেউ এমপিওভুক্তির আওতা বাড়ানোরও দাবি জানিয়েছেন। এসব দাবি সম্পর্কে আমরা সচেতন এবং বিএনপি নীতিগতভাবে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত।”
তিনি আরও বলেন, “বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষকদের অনেক দাবি বাস্তবায়ন করেছিল—এমন কথাও আপনাদের বক্তব্যে উঠে এসেছে। ফলে, এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ও দায়বদ্ধতার জায়গা থেকেই।”
শিক্ষা খাতে সংস্কারে গুরুত্বারোপ
তারেক রহমান বলেন, “রাষ্ট্র ও রাজনীতির যে কোনো সংস্কার উদ্যোগ তখনই সফল হবে, যদি আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে পারি।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক সুরক্ষা ও চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনায় এনে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে ইনশাআল্লাহ।”



