
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এ আয়োজনের সহ-আয়োজক ছিল সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, “সাদাছড়ি শুধু একটি সহায়ক যন্ত্র নয়, এটি আমাদের মানবিক দায়িত্ববোধের প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী কেউ যখন রাস্তা পার হতে চান, তখন এই ছড়িই আমাদের সচেতন করে তোলে।”
তিনি আরও বলেন, সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুবিধা চালু রেখেছে, যেমন—ওএমএস এর চাল, ঈদ উপলক্ষে ভিজিএফের খাদ্য সহায়তা ইত্যাদি। এ সুযোগ যেন তারা নিশ্চয়ভাবেই পান, তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক আরও জানান, “চাঁদপুরে বর্তমানে তালিকাভুক্ত দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা ৭,৬৬৬ জন। আগামী সাত দিনের মধ্যে যাদের সাদাছড়ি বা সানগ্লাস নেই, তাদের তালিকা চাই। আমি ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করব।”
সরকারি চাকরিতে দৃষ্টি প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির সুযোগ আছে বলেও তিনি উল্লেখ করেন এবং সমাজকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ আল জোবায়ের, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট মো. মেহেদী হাসান।
দিনব্যাপী আয়োজনে একটি র্যালি বের করা হয় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে। একইসঙ্গে বি.এন.এস মাজহারুল হক চক্ষু হাসপাতালের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্র দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের অধিকার স্বীকৃতি দেয়, এবং ১৯৫১ সালের ১৫ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার দিবসটিকে “White Cane Safety Day” হিসেবে ঘোষণা করেন।



