সুষ্ঠু নির্বাচনে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, “দেশ এখন নির্বাচনের পথে এগোচ্ছে। এই সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সেনাসদস্যরা ইতোমধ্যেই দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালন করছেন, যা অতীতে হয়নি। এই বাস্তবতায় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দূরত্ব থাকলে তা ঘুচিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করছি।”

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে নিয়ে কিছু কটূক্তি ও সমালোচনার বিষয়ে সেনাপ্রধান বলেন, “এসব মন্তব্যে বিরক্ত হওয়ার কিছু নেই। সমালোচনাকারীরা অনেকেই বয়সে তরুণ, তারা আমাদের সন্তানের মতো। সময়ের সাথে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে।”

তিনি আরও জানান, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনাসদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনীতে নৈতিক স্খলনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। মাঠে দায়িত্ব পালনের সময় সেই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রতিশোধমূলক বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।”

তিনি আরও বলেন, “একজন সেনা কর্মকর্তাকে প্রস্তুত করতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। অপরাধের পর শাস্তি দেওয়া মানে শুধু একটি ক্যারিয়ার নয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো ‘ভুয়া তথ্য’ নিয়ে সতর্ক করে তিনি বলেন, “বিভ্রান্তিকর বার্তার ফাঁদে পা দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে, যেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।”

শেষে সেনাসদস্যদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর চেইন অব কমান্ড বজায় রাখতে হবে।”

বিজ্ঞাপন

Recommended For You