
বাংলা রিডার ডেস্ক
‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা; এর মাধ্যমে কোনো বাস্তব বা আইনি ভিত্তি তৈরি হবে না। দলটির ভাষ্য অনুযায়ী, “আইনি স্বীকৃতি ছাড়া এ ধরনের উদ্যোগ ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপাক্ষিক ও অকার্যকর দলিলে পরিণত হতে পারে।”
তারা আরও জানায়, এনসিপি বহুবার আইনি কাঠামোর প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে। তাদের দাবি, সনদের আগে অবশ্যই আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
তবে বিজ্ঞপ্তিতে এটিও উল্লেখ করা হয় যে, যেহেতু ঐকমত্য কমিশন সময় বাড়িয়েছে, তাই এনসিপি পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে তাদের অবস্থান তুলে ধরবে। দলটির দাবিগুলো মেনে নেওয়া হলে ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় যোগ দেওয়ার সম্ভাবনাও উন্মুক্ত রাখে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। ঠিক তার কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিল এনসিপি—যা আওয়ামী লীগ সরকারের বিরোধিতায় ছাত্র-তরুণদের নেতৃত্বে গঠিত ফ্রন্টের অন্যতম সক্রিয় দল হিসেবে পরিচিত।



