জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা রিডার ডেস্ক

আসন্ন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে, এতে সবাইকে সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি দেশের সব টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।

ড. ইউনূস বলেন, “জুলাই সনদ শুধু একটি দল বা শ্রেণির জন্য নয়—এটি প্রতিটি বাংলাদেশির জন্য। আপনি যেখানেই থাকুন না কেন—বাসায়, পথে, দোকানে, কারখানায় বা মাঠে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক, ধর্মীয় কিংবা জাতিগত ভিন্নতা থাকলেও, আমরা আজ এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এই দিনটি আমাদের একসঙ্গে উদযাপন করার, ঐক্যের শক্তিকে উপলব্ধি করার এবং আশাবাদের নতুন উৎস খুঁজে পাওয়ার দিন।”

এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

Recommended For You