চাকসু নির্বাচনে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

বাংলা রিডার ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

শিবিরপন্থী ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৪টার দিকে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে রনি ৭,২২১ ভোট, জিএস পদে সাঈদ ৭,২৯৫ ভোট এবং এজিএস পদে তৌফিক ৬,৪৪১ ভোট পেয়েছেন।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েছেন ৪৯৩ জন প্রার্থী।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল ঘোষণার আগে কিছু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। রাত একটার পর ছাত্রদলের নেতা-কর্মীরা ভোট কারচুপির অভিযোগ তুলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করেন, যাকে পরে রাত সাড়ে ৩টার দিকে মুক্ত করা হয়।

সেইদিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের পক্ষে বিএনপি ও শিবিরের পক্ষে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You