ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধে এমপিওভুক্ত শিক্ষকরা

বাংলা রিডার ডেস্ক
বেতনভুক্তির আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন।

এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে পুলিশ ব্যারিকেডে আটকে দিলে শিক্ষকরা বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। কেউ বসে, কেউ রাস্তায় শুয়ে পড়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন।

শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বেতনের সঙ্গে ২০ শতাংশ বাড়িভাড়া প্রদানসহ অন্যান্য দাবি আদায়ে আন্দোলন করছেন। গত ১২ অক্টোবর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শাহবাগ অবরোধের পরিকল্পনা থাকলেও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর অনুরোধে কিছু সময় বিলম্ব হয়।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব মঙ্গলবার রাত ৯টায় ফোনে বাড়িভাড়া স্লট ভিত্তিক (প্রথমে ৫%, ছয় মাস পর আরও ৫%) প্রদানের প্রস্তাব দেন। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন।

দেলাওয়ার বলেন, “আমরা পরিষ্কার করে দিয়েছি—২০ শতাংশ বাড়িভাড়া পূর্ণভাবে বাস্তবায়ন ছাড়া কোনো আপস হবে না।”

বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You