
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য সদর দপ্তর থেকে একটি বিশেষ সার্চিং টিম পাঠানো হয়েছে। এখনও পুরো ঘটনার বিস্তারিত জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, নিহতদের মরদেহ গার্মেন্টস ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখনো কাজ করছে।
অগ্নিকাণ্ডের খবর প্রথমে সকাল ১১টা ৪০ মিনিটে পাওয়া যায় এবং ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।



