ভরা মৌসুমেও ইলিশের সংকট, চড়া দামে হতাশ ক্রেতারা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশ আসছে না। প্রতিদিন আসা ইলিশের পরিমাণ মাত্র ৩০০ মণ, যা চাহিদার তুলনায় অনেক কম। অধিকাংশ ইলিশই ছোট আকারের এবং এসব মাছ আসছে মূলত চট্টগ্রাম, নোয়াখালী ও হাতিয়া অঞ্চল থেকে।

বাজারে ছোট ইলিশে ভরপুর হলেও বড় ইলিশের সরবরাহ কম। ফলে দামও অনেক বেশি। বর্তমানে ৫০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশের দাম ২২০০ থেকে ২৩৫০ টাকা, আর ১২০০-১৫০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৭০০ টাকায়। ক্রেতারা বলছেন, এই দাম সাধারণের নাগালের বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম কমছে না। মাছঘাটে ভিড় থাকলেও, ইলিশের সাইজ ও দামে অনেকেই হতাশ হয়ে ফিরছেন।

মৎস্য গবেষক ড. আনিসুর রহমান জানিয়েছেন, সাম্প্রতিক বৈরী আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টিপাত ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে। তবে তিনি আশাবাদী, নদীর পানিপ্রবাহ স্বাভাবিক হলে ইলিশ আবার পর্যাপ্ত পরিমাণে ধরা পড়বে।

বিজ্ঞাপন

Recommended For You