মেয়েদের স্বপ্নপূরণে রাষ্ট্রকে সঙ্গী করবো: তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক:
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের প্রতিটি মেয়ের স্বপ্নপূরণের পথে রাষ্ট্রকে প্রতিবন্ধক নয়, সঙ্গী হিসেবে গড়ে তোলা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আসুন, আমরা আজকের দিনে প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারের পক্ষে দাঁড়াই। একজন কন্যার পিতা হিসেবে আমি জানি—মেয়েদের ক্ষমতায়ন কেবল নীতিগত বিষয় নয়, এটি একান্তই ব্যক্তিগত।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি মেয়ে পাবে স্বাধীনতা, নিরাপত্তা ও সমান সুযোগ, যেমনটি প্রতিটি অভিভাবক নিজের সন্তানের জন্য চান।

তারেক রহমান বলেন, বিএনপির সরকার অতীতে জীবন বদলে দেওয়া অনেক উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে তৈরি পোশাক শিল্পের বিকাশ লক্ষ লক্ষ নারীর কর্মসংস্থান, আয়ের পথ এবং সামাজিক মর্যাদা এনে দিয়েছে। তাঁর আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল মহিলাবিষয়ক মন্ত্রণালয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষাকে বিনামূল্যে করা হয় এবং শিক্ষার্থীদের জন্য চালু হয় ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্টেন্স প্রজেক্ট’, যা পরে বিশ্বজুড়ে স্বীকৃত হয় একটি সফল নারী-ক্ষমতায়ন মডেল হিসেবে।

তিনি আরও বলেন, “যখন সুশাসন কন্যাশিশুর মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং তাদের ভবিষ্যতে বিনিয়োগ করে, তখন অসম্ভবকেও সম্ভব করা যায়।”

তারেক রহমানের প্রস্তাবিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে:

নারী গৃহপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে সরাসরি সহায়তা প্রদান
নারী উদ্যোক্তাদের জন্য সহজ এসএমই ঋণ, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা
মেয়েদের জন্য আধুনিক ও টেকনিক্যাল শিক্ষা বিস্তারের ব্যবস্থা
নীতিনির্ধারণে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ
নারীদের মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা
পরিবার ও সামাজিক কল্যাণকে রাষ্ট্রীয় নীতির কেন্দ্রবিন্দুতে রাখা

তারেক রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, ঐতিহ্য, অঙ্গীকার ও দায়িত্ববোধের ভিত্তিতে আমরা এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিটি মেয়ে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নপূরণের পথে রাষ্ট্রকে আমরা তার সঙ্গী করব—প্রতিবন্ধক নয়।”

বিজ্ঞাপন

Recommended For You