
বাংলা রিডার ডেস্ক
ফেসবুকে ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং পবিত্র কাবা শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চাঁদপুরের কচুয়ায় তমাল চন্দ্র সরকার (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
তমাল চন্দ্র সরকার কচুয়া পৌরসভার কান্দাপাড় গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে এবং গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নেতা তাকে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় থেকে আটক করে থানায় হস্তান্তর করেন।
জানা যায়, তমাল তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও মেসেঞ্জারে মহান আল্লাহ, মহানবী (সা.) ও কাবা ঘরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে। এসব মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ঘটনার পর স্থানীয় আলেম সমাজ ও মুসলিম জনতা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কঠোর শাস্তির দাবি জানায়।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, “তমাল চন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। তার পরিবার তাকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এ ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


