শহিদুল আলমের মুক্তিতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা

বাংলা রিডার ডেস্ক
ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছে। তুরস্কের সহায়তায় এ প্রচেষ্টা এগিয়ে চলেছে বলে জানা গেছে। তুর্কি কর্তৃপক্ষ আশাবাদী, আজই একটি বিশেষ বিমানে শহিদুল আলমকে আঙ্কারায় নেওয়া যেতে পারে। তবে তারা এখনো চূড়ান্ত নিশ্চয়তা দিতে পারেনি।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়।

রাষ্ট্রদূত বলেন, শহিদুল আলমের ‘অবৈধ আটক’ হওয়ার পরপরই বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

শহিদুল আলম আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোকচিত্রী ও ‘দৃক’-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি অংশ নিয়েছিলেন গাজাগামী ‘ফ্রিডম ফ্লোটিলা’ নৌযাত্রায়, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের গাজা অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনে সহিংসতা বন্ধের দাবি তুলে ধরা। এতে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা অংশ নেন। ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে আরেকটি সংহতির উদ্যোগের আওতায় ৯টি নৌযানের এ বহরে শহিদুল আলমও ছিলেন।

গত বুধবার ইসরায়েলি বাহিনী এই নৌবহরে হামলা চালায় এবং সকল যাত্রী ও নাবিককে আটক করে নিয়ে যায়। শহিদুল আলমও তাদের মধ্যে ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You