
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে দুটি হোটেল ও একটি বেকারিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে হাজীগঞ্জ বাজারে যৌথবাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, অভিযানকালে প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়, যার জন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নিউ শেরাটন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে পচা খাবার সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা এবং মা মনি ব্রেড অ্যান্ড কনফেকশনারিতে ক্ষতিকর রঙ ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান জানান, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


