
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ১৪তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাতেও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম জানান,
“বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের আমল পর্যন্ত আমরা বারবার আমাদের ছয় দফা দাবি উপস্থাপন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকের এই কর্মবিরতি পালিত হচ্ছে।”
কর্মবিরতিতে হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইউসুফ আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিন, সদস্য জসিম উদ্দিন, ইনচার্জ নাছিমা আক্তারসহ স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা বিভাগের সদস্যরা অংশ নেন।
বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।



