‘শাপলা’ প্রতীক বাতিল, নতুন প্রতীক বেছে নিতে এনসিপিকে ইসির চিঠি

বাংলা রিডার ডেস্ক
নিবন্ধনের প্রাথমিক অনুমোদন পেলেও পছন্দের প্রতীক ‘শাপলা’ ব্যবহার করতে পারছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালায় অনুমোদিত প্রতীকের তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

ইতোমধ্যে এনসিপিকে চিঠি পাঠিয়ে ৭ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক নির্বাচন করে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। দলটি প্রতীকের জন্য ক্রমানুযায়ী ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল’ চেয়েছিল। তবে ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার ৯(১) ধারা অনুযায়ী ‘শাপলা’ প্রতীকটি বর্তমানে অনুমোদিত তালিকায় নেই।

চিঠিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৯০৮(১)(খ) অনুযায়ী, প্রতীক বরাদ্দ ইসির তালিকাভুক্ত প্রতীক থেকেই দিতে হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতীকটি পরবর্তীতে দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না তারা নতুন প্রতীক চায়।

এই পরিস্থিতিতে এনসিপিকে বলা হয়েছে, ইসির তালিকা থেকে এখনো বরাদ্দ না হওয়া কোনো একটি প্রতীক দ্রুত বেছে নিতে হবে, যাতে নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।

চিঠিতে আগামী ৭ অক্টোবর তারিখের মধ্যে নতুন প্রতীক চূড়ান্ত করে তা লিখিতভাবে কমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You