শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মিশনে বাংলাদেশ

বাংলা রিডার ডেস্ক

এশিয়া কাপে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে এবার অপেক্ষা আরও কঠিন পরীক্ষার—আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়, আগের মতোই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, “আমাদের লক্ষ্য একটাই—জয়। শ্রীলঙ্কার বিপক্ষে অতীতে জিতেছি, তাই আত্মবিশ্বাস আছে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি সমর্থকরা যেখানেই খেলি, আমাদের পাশে থাকেন। তারা সবসময় অনেক আবেগী এবং উজ্জীবিত হয়ে আমাদের সমর্থন দেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছি।”

এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। যদিও ওয়ানডেতে হার মানতে হয়েছে, তবে টেস্টে ড্র এবং টি-টোয়েন্টিতে জয় এসেছে টাইগারদের ঝুলিতে। সেই অভিজ্ঞতা থেকেই সাকিব বলেন, “ওদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। ওদের শক্তি ও দুর্বলতা আমরা জানি। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুই হবে।”

আবুধাবির কন্ডিশনে নিজের বোলিং পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট তানজিম। বলেন, “পিচটা খুব ভালো, বোলিং করে উপভোগ করেছি। আশা করছি সামনে আরও ভালো কিছু করতে পারব।” ছোটবেলা থেকেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের ভক্ত এই তরুণ, “আমি স্টেইনের খেলা দেখেই বড় হয়েছি। তার অ্যাগ্রেশন আমার ভালো লাগে। এটা আমার ভেতরেও স্বাভাবিকভাবেই চলে আসে। যেমন মুস্তাফিজ ভাইয়ের আসে না, কারণ ওনার ধরনটাই আলাদা।”

এদিকে স্পিন অপশন হিসেবে স্কোয়াডে থাকলেও আগের ম্যাচে শামীম হোসেন পাটোয়ারীকে ব্যবহার করেননি অধিনায়ক লিটন দাস। এ প্রসঙ্গে সাকিব বলেন, “আমাদের তিন পেসার ও দুই স্পিনারই ভালো করেছে। শামীম ভাইকে আনার প্রয়োজন মনে করেননি হয়তো অধিনায়ক। তবে পরিকল্পনায় তিনি আছেন, প্রয়োজনে তাকে ব্যবহার করা হবে।”

বিজ্ঞাপন

Recommended For You