
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের লাশ উদ্ধার করে।
রোববার (২০ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরিয়ম নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের পর মরিয়ম ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।



