
বাংলা রিডার ডেস্ক
ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দুই ইনিংসেই তার গতিময় ও ধারালো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
ম্যাকাই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী বোলিংয়ের পর প্রথমবারের মতো টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন এই বাঁহাতি পেসার।
১০ উইকেট নেয়ার ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি পেসার। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে জাসপ্রিত বুমরাহকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি।
ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন স্টার্ক। প্রথম ইনিংসে তার শিকার ছিল ৬ উইকেট, মাত্র ১২ রান দিয়ে। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৪ উইকেট, খরচ করেছেন ৩৯ রান। তার বিধ্বংসী বোলিংয়েই বাংলাদেশকে এক ইনিংস ও ৫১ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া।
এই পারফরম্যান্সের পর র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন স্টার্ক। এর আগে শীর্ষে থাকা ভারতের বুমরাহ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এক ধাপ পিছিয়ে তৃতীয় হয়েছেন।
টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষে ওঠা স্টার্কের জন্য বিশেষ অর্জন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সাদা বলের ক্রিকেটে বহু সাফল্য পেলেও টেস্টে এবারই প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠলেন অস্ট্রেলিয়ার এই তারকা।
ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর শুধু স্টার্কই নয়, র্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার আরও কয়েকজন বোলারের।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দুই ইনিংসে যথাক্রমে ৩/২৫ ও ৩/১০ বোলিং ফিগার নিয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। ফলে টেস্ট বোলিং র্যাংকিংয়েয়ের শীর্ষ চারজনের মধ্যে এখন দুজন অস্ট্রেলিয়ান- স্টার্ক ও কামিন্স।
অন্যদিকে অফস্পিনার নাথান লায়নও দুই ধাপ এগিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেওয়ার সুবাদে তিনি উঠে এসেছেন সেরা দশে।
মাকাইতে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম। ১৭ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৫৭তম স্থানে। বাংলদেশের বোলারদের মধ্যে শীর্ষে আছেন তাইজুল ইসলাম। যদিও ২ ধাপ পিছিয়েছেন তিনি, এখন আছেন ১৩তম স্থানে। মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৩তম স্থানে।
ইংল্যান্ডের পেসার অলি রবিনসনও র্যাংকিংয়ে বড় অগ্রগতি করেছেন। পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে টেস্ট দলে ফিরে ৮ উইকেট নিয়েছেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড পাকিস্তানকে এক ইনিংস ও ১০৩ রানে হারায়। এই পারফরম্যান্সে র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন রবিনসন।
একই ম্যাচে আট উইকেট নেওয়া ইংল্যান্ডের আরেক পেসার জশ টাংও বড় লাফ দিয়েছেন। তিনি ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে।
ভারতের বিপক্ষে গলে টেস্টে শ্রীলঙ্কা হেরে গেলেও ব্যক্তিগতভাবে ভালো বোলিং করেছেন আসিথা ফার্নান্দো ও প্রভাত জয়সুরিয়া। আসিথা ম্যাচে ৬ উইকেট নেওয়ায় ৫ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন। একইভাবে জয়সুরিয়াও ৫ ধাপ এগিয়ে ১৬তম স্থানে জায়গা করে নিয়েছেন। গলে ভারতের বিপক্ষে ম্যাচে তার শিকার ছিল ৭ উইকেট।
ব্যাটিংয়ে শীর্ষে ব্রুক, সেরা দশে ফিরলেন পান্ত
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে ৯১ রানের ইনিংস খেলেও তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
অন্যদিকে ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত বড় লাফ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম ইনিংসে ৩৯ এবং দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে ছয় ধাপ এগিয়ে আবারও টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছেন পান্ত। তার বর্তমান অবস্থান সপ্তম।
গলে তুলনামূলক কম রান করার কারণে সেরা দশ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ও ভারতের যশস্বী জয়সওয়াল।



