
বাংলা রিডার ডেস্ক
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বৈঠকে বসছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিএনপির একাধিক শীর্ষ সূত্র জানিয়েছে, দলের নীতিনির্ধারকদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই বিচার-বিশ্লেষণ চলছে। তবে বৃহস্পতিবারের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।
প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পরপরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল করা হবে।
জানা গেছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ১৩ আগস্ট।
এ কারণে একেবারে শেষ দিনেই নিজেদের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার সব প্রস্তুতি আগে থেকেই গুছিয়ে রেখেছে দলটি।
এদিকে, রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলটির হাইকমান্ডের বিবেচনায় রয়েছে।
তবে এখন পর্যন্ত দলের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত দেওয়া হয়নি বা কোনো নেতার নাম প্রকাশ করা হয়নি।
প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি শুধু জানান, ‘বৈঠক শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
সব মিলিয়ে বৃহস্পতিবার সকালে স্থায়ী কমিটির এই বহুল কাঙ্ক্ষিত বৈঠকের পরই পরিষ্কার হতে যাচ্ছে, কে পাচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি পদের টিকিট অর্থাৎ কে যাচ্ছেন বঙ্গভবনে।


