চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে জাতীয়ভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বড় স্টেশন এলাকার তিন নদীর মোহনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে নদীভিত্তিক এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই সরকার ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে, উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে কৃষকদের ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নও ইতোমধ্যে শুরু হয়েছে। অনেকে মনে করেছিল এগুলো শুধুই নির্বাচনি শ্রুতি, কিন্তু বাস্তবে আমরা তা কার্যকর করেছি। যাদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ ছিল, সেগুলো মওকুফ করে দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্টগার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান প্রমুখ।

 

বিজ্ঞাপন

Recommended For You