
বাংলা রিডার ডেস্ক
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মানবপাচারসহ অন্তত ১১টি মামলার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম জানান, এসব মামলার মধ্যে মানবপাচার সংক্রান্ত একটি মামলা বর্তমানে ডিবি তদন্ত করছে। ওই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তার আটকের খবরে সোনাগাজী বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দাবি করেন, সাবেক এই সেনা কর্মকর্তা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার সময় তাদের দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেন, পরে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন এবং দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দেন। পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অবসরের পর তিনি ট্রাভেল এজেন্সি ও রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন। তার বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিসহ দুর্নীতির অভিযোগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।



