কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস বিধ্বস্ত, নিহত বেড়ে ১২

বাংলা রিডার ডেস্ক

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিয়েছে মেইল ট্রেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

প্রথমে ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার তৎপরতা চলছে। ট্রেনটি সরাতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

বিজ্ঞাপন

Recommended For You