
বাংলা রিডার ডেস্ক
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ কয়েকটি গ্রামে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী।
পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের সামান্য ব্যবধান রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এ প্রথা অনুসরণ করা হচ্ছে।
দরবার শরীফের মুসল্লি ইয়াহিয়া চৌধুরী বলেন, বিভিন্ন দেশের চাঁদ দেখার খবর যাচাই-বাছাই করে সন্দেহ থাকায় তা গ্রহণ করা হয়নি। ফলে রমজানের ৩০ দিন পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপন করা হচ্ছে।
যেসব এলাকায় আগাম ঈদ উদযাপন হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর ও বাসারা; ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁসহ একাধিক গ্রাম; মতলবের দশানি, মোহনপুর, পাঁচানী এবং কচুয়ার কয়েকটি এলাকার অংশবিশেষ।
উল্লেখ্য, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের এ প্রথা চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে একই ধারায় ধর্মীয় আচার পালন করে আসছেন।



