সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত চাঁদপুর গড়া সম্ভব: এমপি মানিক

বাংলা রিডার ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুরের প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

রোববার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে মুনিরা ভবনে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মানিক উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা থাকলে সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত চাঁদপুর গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বিত সহযোগিতা পেলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ হবে।

তিনি আরও বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগই উন্নয়নের মূল শক্তি। সবার সহযোগিতায় চাঁদপুর সদর ও হাইমচরকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে চাঁদপুরের নেতৃত্বে এসেছেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিশ্বাস করেন, সবার সহযোগিতায় নতুন সংসদ সদস্য চাঁদপুর ও হাইমচরকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারবেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার একটি বড় সুযোগ এখন তার সামনে রয়েছে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে চাঁদপুরের উন্নয়ন সারা দেশের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, সম্প্রতি জেলা প্রশাসকদের রদবদলের বিষয়টি আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, তালিকায় তার নাম থাকুক বা না থাকুক, তিনি নিজেকে সবসময় চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবেই ভাবেন এবং এ জেলার মানুষের উন্নয়নে কাজ করে যেতে চান।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান বলেন, সংসদ সদস্যের আমন্ত্রণে এ আয়োজন প্রশাসনের জন্য আনন্দের বিষয়। তিনি জানান, সুন্দর চাঁদপুর গড়তে এমপি মানিক সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বলেছেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাস মানুষকে ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয় এবং বৈধ-অবৈধ নানা কাজ থেকে বিরত থাকার অনুপ্রেরণা জোগায়।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর সৈয়দ কামরুর হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You