
বাংলা রিডার ডেস্ক
নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে তৃতীয় সমাবেশে অংশ নিতে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী মঞ্চে হাজির হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। যদিও আগে জানানো হয়েছিল, দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বক্তব্য দেবেন।
মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান— ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি তুলে ধরেন।
এর আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়র হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু ও লৎফুরজ্জামান বাবর।
বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা স্লোগান দেন— ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে।’
লৎফুজ্জামান বাবর বলেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’
সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের বড় একটি অংশ ছিলেন মধ্যবয়সী। তারা স্মৃতিচারণ করে বলেন, এই মাঠেই তারা একসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।



