
বাংলা রিডার ডেস্ক
আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ১১ দলের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
বিকেল কিংবা সন্ধ্যার দিকে ১১ দলের শীর্ষ নেতারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখানেই কোন দল কতটি আসনে সমঝোতায় পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১১ দলের অন্তত চারটি দলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আজ বৈঠক হয়েছে। তারাও বসছে, আমরাও বসছি। মোটামুটি সবকিছু ইতিবাচক। আগামীকালই সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত বিষয় জানানো হবে।” তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনের আগেই ১১ দলের শীর্ষ নেতারা বসবেন, এরপরই আসবে চূড়ান্ত ঘোষণা।
আসন সমঝোতায় কোন দল কতটি আসন পাবে—সে বিষয়ে সংবাদ সম্মেলনেই স্পষ্ট করা হবে বলে জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এই জোটে থাকছে কি না—এমন প্রশ্নে ডা. তাহের বলেন, “এখন পর্যন্ত বিষয়টি ইতিবাচক। কালই সব জানা যাবে।”
অন্যদিকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, এখনো তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কেউ যোগাযোগ করেনি। তবে কথাবার্তা চলছে এবং আজই বিষয়টি চূড়ান্ত হতে পারে। সম্ভবত সবাই একসঙ্গে বসবেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা আজ বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের একটি বৈঠক শুরু হয়, যা রাত সাড়ে ১২টা পর্যন্ত চলছিল। বৈঠক চলমান থাকায় অংশ নেওয়া কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ক্ষুদে বার্তায় জানান, তারা বৈঠকে রয়েছেন।
দলের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ জানান, আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠক চলছে এবং আরও একটি চূড়ান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। ইনশাআল্লাহ, আজই চূড়ান্ত ঘোষণা আসতে পারে। সংবাদ সম্মেলনের সময়ও চূড়ান্ত করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আসন সমঝোতা হচ্ছে। যেসব বিষয়ে দ্বিধা ছিল, সেগুলো কাটছে। কাল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেখান থেকেই চূড়ান্ত ঘোষণা আসবে।”
এর আগে সোমবার (১২ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, এক–দুই দিনের মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা থাকলেও এখনো জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে আজকের যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হতে যাচ্ছে।



