দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি : তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
দেশবাসীর সামগ্রিক সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য প্রকাশ করেন।

তারেক রহমান লিখেছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া ও শুভেচ্ছা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুরা যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের মানুষের যে ভালোবাসা ও দোয়া আমরা পাচ্ছি, তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।”

তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থন আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণার উৎস। দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই দোয়া করছি। এই কঠিন সময়ে সবার ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানাই।”

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং আরও কিছু জটিলতা রয়েছে।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় প্রথমে তাঁকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয় এবং পরবর্তীতে রোববার ভোরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, “ম্যাডামের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিসিইউ, আইসিইউ বা ভেন্টিলেশন—যেভাবেই বলি না কেন, পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল। আমরা শুধু জাতির কাছে তাঁর জন্য দোয়া চাই।”

বিজ্ঞাপন

Recommended For You