নিবিড় তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা

বাংলা রিডার ডেস্ক

এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খালেদা জিয়ার চিকিৎসা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে হচ্ছে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার চিকিৎসকেরা।

এর আগে রোববার রাত ৮টায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। ভর্তি হওয়ার পরই বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হয় এবং অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি চিকিৎসকরাও ভার্চুয়ালি অংশ নেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে খালেদা জিয়া ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন, আর এবার একাধিক জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার চেস্ট ইনফেকশনও ধরা পড়েছে।

বিজ্ঞাপন

Recommended For You